১৬ মার্চ গোপালগঞ্জে নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
গোপালগঞ্জবাসীকে ১ দিনে ৫ সুসংবাদ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুক্রবার গোপালগঞ্জবাসীকে ৫টি সুসংবাদ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর দেয়া সুসংবাদ অনুযায়ী জেলার কোটালীপাড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থাপিত হবে গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি ‘নলেজ পার্ক’। আগামী ১৬ মার্চ রিসার্চ ইনেভেশন ও হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম।
১০ লাখ টাকার অনুদান পেলেন দুই উদ্ভাবক
দুপুরে গোপালগঞ্জ হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে গিয়ে এই তথ্য দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এসময় স্থানীয় নেতারা ছাড়াও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে পাঁচ বছর ধরে নিরলস প্রচেষ্টায় বিমানের দুইটি প্রোটোটাইপকে বাস্তবে নিয়ে আসতে তরুণ দুই উদ্ভাবক জনি ও সাব্বিরকে ১০ লাখ টাকার গবেষণা অনুদান দেয়ার ঘোষণা দেন পলক। এসময় উদ্ভাবকদ্বয় হতবিহ্বল হয়ে পা ছুঁয়ে সালাম করেন প্রতিমন্ত্রীর।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করলেন, এই উদ্ভাবকদ্বয়ের বিমান হয়তো এয়ার বোয়িং এর মতো বিমান বানাবে বাংলাদেশেই। বললেন, আগামী ২০৪১ সালে প্রধামন্ত্রীর স্মার্ট বাংলাদেশে এভিয়েশন শিল্পে আমাদের জনি-সাব্বিররা আগামী দিনে বোয়িং এয়ারবাসের মতো বিমান তৈরির প্রতিষ্ঠান এই বাংলাদেশের মাটিতেই করবে।
প্রসঙ্গত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আধুনিক বাংলাদেশের স্থপতি প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের তরুণ তরুণীদের জন্য স্মার্ট গোপালগঞ্জ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট নাগরিক করে তোলার লক্ষ্যে স্মার্ট অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গোপালগঞ্জকে গড়ে তুলতে গোপালগঞ্জের তরুণ তরুণীদের জন্য এছাড়াও টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় জয় ডিজিটাল সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার। পাশাপাশি গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। একইভাবে গোপালগঞ্জ সদরে অত্যাধুনিক স্মার্ট এডুকেশন ট্রেনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার সিনেপ্লেক্স এবং একটি ডাটা সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে সকালে গোপালগঞ্জে পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন আইসিটি প্রতিমন্ত্রী।







